অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বৈদেশিক সাহায্যের পরিবর্তে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার করার জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেল ‘গ্লোবাল পার্টনারশিপ ফর ইফেকটিভ ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিপিইডিসি)’-এর ১৪তম স্থায়ী কমিটির বৈঠকের উদ্বোধনী অধিবেশনে এ আহ্বান জানান তিনি।
অর্থমন্ত্রী বলেন, এসডিজি অর্জনে উন্নয়নশীল দেশসমূহের কেবলমাত্র বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল থাকা উচিত নয়। তাদেরকে অভ্যন্তরীণ সম্পদ যথাযথভাবে ব্যবহার করতে হবে।
মন্ত্রী বলেন, দেশের দৃঢ় অঙ্গীকার থাকার কারণেই বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে সাফল্য লাভ করেছে।
তিনি বলেন, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি, বৈদেশিক সাহায্য পাওয়ার প্রক্রিয়াটি খুবই জটিল। এ কারণে কিছু দেশ তাদের নিজস্ব সম্পদ ব্যবহার করে অনেক ভালো করেছে। তাদের মধ্যে কয়েকটি দেশ এমডিজি অর্জনে সফল হয়েছে।
মুহিত উন্নয়নশীল দেশগুলোকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান।
কেনিয়ার নাইরোবিতে অনুষ্ঠিত গত বৈঠকের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, বিগত বৈঠকে আমরা সহযোগিতার ক্ষেত্রে ছয়টি অগ্রাধিকার চিহ্নিত করেছিলাম। আমরা এই বৈঠকে সেগুলোর অগ্রগতি জানতে পারি।
উগান্ডার অর্থ, পরিকল্পনা ও অর্থনৈতিক উন্নয়ন প্রতিমন্ত্রী হারুনা কাসোনা কেইউন বৈঠকে উপস্থিত ছিলেন। বাসস
ইত্তেফাক/কেকে