রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ স্বাস্থ্য ঝুঁকিতে নেই

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, মানববান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের খাবার ও চিকিত্সাসহ সব ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের কোনো হেল্থ সেন্টার ছিল না- এমনকি জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতিরও প্রচলন ছিল না। সে সব নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী মানবতার পরিচয় দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা অত্যন্ত সফলভাবে জাতিসংঘে তুলে ধরে বিশ্বব্যাপী জাগরণের সৃষ্টি করেছেন। এসব আশ্রিত রোহিঙ্গাদের অবশ্যই তাদের দেশে ফেরত নিতে হবে। রোহিঙ্গারা যাতে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে না পারে তাও নিশ্চিত করা হবে।

মন্ত্রী মঙ্গলবার দুুপুরে গাজীপুরের জিরানী তেঁতুইবাড়িতে বঙ্গবন্ধুর সহধর্মিণীর নামে প্রতিষ্ঠিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কে পি জে বিশেষায়িত হাসপাতাল এবং নার্সিং কলেজে ফ্রি হার্টক্যাম্প উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে হাসপাতালের সহযোগিতায় ও ন্যাশনাল ইন্সটিটিউট অব কার্ডিওভাসক্যুলার- এর উদ্যোগে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে মন্ত্রী ছাড়াও বক্তব্য রাখেন ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ঘরে ঘরে চিকিত্সা সেবা পৌঁছে দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের কারণে বাংলাদেশ কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে নেই। কারণ জটিল রোগে আক্রান্ত রোহিঙ্গাদের চিকিত্সার ব্যবস্থা করা হয়েছে। যাতে এসব রোগ ছড়িয়ে পড়তে না পারে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি শুনেছি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের এইচআইভি ভাইরাসসহ নানা রকম জটিল রোগ রয়েছে। অনেকে আশঙ্কা করছেন রোহিঙ্গাদের মাধ্যমে এসব জটিল রোগ ছড়িয়ে পড়বে। যাতে করে এইসব রোগ ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের চিকিত্সার সুব্যবস্থা নেওয়া হয়েছে।

রুপার ছোট বোনকে চাকরি দেওয়া হয়েছে
এদিকে চলন্তবাসে ধর্ষণের পর হত্যার শিকার জাকিয়া সুলতানা রুপার ছোট বোন পপি খাতুনকে চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্ত প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অফিস সহকারী পদে নিয়োগ পেয়েছেন পপি। আগামী ১৫ নভেম্বর তিনি কর্মস্থলে যোগদান করবেন।

বুধবার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অফিসে পপির হাতে নিয়োগপত্র তুলে দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. এহসানুল কবির। গত ১ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সিরাজগঞ্জের তাড়াশে নিহত রুপার বাড়িতে গিয়ে তার ছোট বোনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি প্রদান এবং তার বায়োডাটা গ্রহণ করেন।

নিয়োগপত্র অনুযায়ী তার বেতন ধরা হয়েছে ১১ হাজার টাকা। সঙ্গে আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন তিনি। তবে এক বছর পর চাকরি স্থায়ী হলে তার বেতন হবে ২৩ হাজার টাকা।

ইত্তেফাক/নূহু