যা কিছু প্রথম

গণিত বই

সবচেয়ে পুরনো গণিত বই ‘কক্ষ ও সূর্যঘড়ির কাঁটার গাণিতিক পাঠ’ লেখা হয়েছিলো চীনে জো বংশীয় শাসনামলে (খৃ:পূ: ১৪ থেকে ৩ শতাব্দী) খুব সম্ভব খৃ: পূ: ৬ষ্ঠ শতাব্দীতে। তবে বইয়ের বিষয়সমূহের গবেষণা কাল জানা একেবারেই সম্ভব হয়নি। অনেক জ্যোতিশাস্ত্রীয় উপাদান, ভাগ ও ভগ্নাংশের গুণ এবং পিথাগোরাসের তত্ত্বের অনুরূপ তত্ত্বের উপর একটি অধ্যায়সহ বহু বিষয় এতে সংযোজন করা হয়েছিলো।

গাণিতিক সমস্যার বই

গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রথম বই হলো চীনের হার্ন রাজবংশের (২০৬ খৃ: পূ: ২০০ খ্রিস্টাব্দ) প্রাথমিক সময়ে রচিত ‘গণিতের উপর ৯টি অধ্যায়’। শতাংশ তত্ত্ব, ঋণাত্মক সংখ্যা,  দ্বি-ঘাত সমীকরণ সম্পর্কিত সমস্যাবলী ও সমাধান এ বইতে দেয়া আছে।

গাণিতিক সারণি

সংখ্যা গণনা শেখার পর একটু আধটু যোগ-বিয়োগ শিখতে শুরু করার পরপরই শিশুদেরকে নামতা শেখানো হয়। এই নামতার বয়স কিন্তু কম হয়নি। প্রায় ৪ হাজার বছর আগে মেসোপটোমিয়ায় শিশুদের নামতা শেখানো শুরু হয়েছিলো। মেসোপটোমিয়ার নিপ্পুর নগরীতে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানের ফলে পাওয়া গেছে আনুমানিক ১৮০০ খৃ: পূর্বাব্দের তৈরী গাণিতিক সারণি লিখিত একটি কাঁদামাটির ফলক। প্রাচীন মেসোপটোমিয়ার স্কুলগুলোতে গুণের নামতা, ভাগের নামতাসহ বর্গ ও ঘন’র গাণিতিক সারণি পড়ানো হতো।