গফরগাঁও উপজেলার চরমছলন্দ গ্রামের শহীদের মোড় এলাকায় গফরগাঁও-দেওয়ানগঞ্জ সড়কে অতি বৃষ্টির কারণে ধস নেমে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে গত শনিবার থেকে এলজিইডির আওতাধীন ব্যস্ততম এ সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় গফরগাঁও থেকে উপজেলার চরআলগী ইউনিয়ন, নান্দাইল ও হোসেনপুর উপজেলার বিভিন্ন স্থানে চলাচলকারী লোকজন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অতি বৃষ্টির কারণে শনিবার বিকালে এ সড়কে ধস নেমে একটি গভীর গর্তের সৃষ্টি হয়েছে।
এ রাস্তায় চলাচলকারী অটোরিকশা চালক আবুল মুনসুর জানান, রাস্তার কিছু অংশ ধসে বিশাল গর্তের সৃষ্টি হওয়ায় তাদের মাঝপথে যাত্রী নামিয়ে দিতে হচ্ছে। নান্দাইল উপজেলার শেরপুর গ্রামের সুজন মিয়া জানান, এ সড়কে যাতায়াত করে মালামাল নিয়ে বিপদে পড়তে হয়েছে। সিএনজি চালক ভাঙা রাস্তার জন্য নামিয়ে দিয়েছে। এখন মালামাল মাথায় নিয়ে রাস্তার ভাঙা অংশটুকু পার হয়ে পুনরায় সিএনজি ভাড়া করতে হবে।
এলজিইডির উপজেলা প্রকৌশলী মোঃ তফাজ্জল হোসেন বলেন, ধসে যাওয়া এ সড়কে বালু ফেলে সাময়িক চলাচল উপযোগী করার চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/নূহু