ঝিনাইগাতী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবজি চাষিরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে আবারও সবজি আবাদে ঝুঁকে পড়েছেন। এখন নতুনভাবে সবজি ক্ষেত গড়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন কৃষকেরা। অনুকূল আবহাওয়া থাকায় তারা হতাশা কাটিয়ে নতুনভাবে স্বপ্ন দেখছেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্য অনুযায়ী, এ উপজেলায় প্রায় ৬ হাজার প্রান্তিক কৃষক সবজি চাষের উপর নির্ভরশীল। চলতি মৌসুমে এ উপজেলায় ৪শ' ৭০ হেক্টর জমিতে সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ওই হিসেব অনুযায়ী আবাদও হয় বিভিন্ন এলাকায়। আবাদকৃত সবজির মধ্যে ছিল বেগুন, টমেটো, বরবটি, চিচিংগা, ঝিঙা, ঢেঁড়স, করল্লা, কাঁকরোল, লাউ, শিম, মুলা, কপি, শসাসহ বিভিন্ন প্রজাতির সবজি। কিন্তু অবিরাম বর্ষণ ও কয়েক দফায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সেই সবজি আবাদের ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধিত হয়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন প্রায় সকল সবজি চাষি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. আব্দুল আওয়াল বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে সবজিক্ষেত গড়ে তোলতে পারেননি কৃষকরা। যতটুকু গড়ে তুলছিলেন তা থেকে প্রায় ১৫ হেক্টর জমির সবজি ক্ষেতের ক্ষতি সাধিত হয়েছে। সন্ধ্যাকুড়া গ্রামের শাহ আলম, সামাদ ও সুরুজ আলীসহ সবজি চাষিরা জানান, কয়েক দফায় জমিতে বীজ, সার ও চারা বপন করে ক্ষতিগ্রস্ত হয়ে চাষিদের মেরুদণ্ড ভেঙে পড়েছে। তারা এখন দিশেহারা। প্রাকৃতিক দুর্যোগ কেটে উঠার সাথে সাথে অনুকূল আবহাওয়া থাকায় জীবিকার তাগিদে ধার-দেনা করে আবারও সবজি আবাদে ঝুঁকে পড়েছেন তারা।
ইত্তেফাক/জামান