জেলার ওপর দিয়ে সম্প্রতি বয়ে যাওয়া নিম্ন চাপের কারণে ১৫ হাজার হেক্টর জমির রোপা আমন ধান ও শাক সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, গত ২০ ও ২১ অক্টোবর বৃষ্টি, ঝড়ো বাতাস ও নিম্ন চাপ বয়ে যায়। এতে জমিতে থাকা আধা-পাকা রোপা আমনের ধান মাটিতে পড়ে যায়। স্থানীয় কৃষি বিভাগের পক্ষ থেকে ১৫ হাজার হেক্টর জমির ধান ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে শাক-সবজিও।
সদর উপজেলার পারুলিয়া এলাকার সবজি চাষী এন্তাজ আলী বলেন, গুড়ি গুড়ি বৃষ্টির কারণে এক বিঘা জমিতে লাগানো ফুলকপি ও বাধাকপির চারা সম্পূর্ণ নষ্ট হয়েছে। সদরের পাচুরচক এলাকার কৃষক রবিউল ইসলাম জানান, বাতাসে চার বিঘা জমির ধান হেলে পড়েছে। এতে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তিনি। ঝড় বাতাসে ধান হেলে মাটিতে পড়ার কারণে ফলন কিছুটা কম হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কৃষি বিভাগ। ঝড়ো বাতাস আবার গুড়ি গুড়ি বৃষ্টিপাত হওয়ায় ১৩৫ হেক্টর জমির শাক-সবজিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুধেন্দ্র নাথ জানান, নিম্ন চাপে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরূপণে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।
ইত্তেফাক/এএম।