বেড়ায় ডোবা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

 
পাবনার বেড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের এক ডোবা থেকে রোজিনা খাতুন (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোজিনা খাতুন মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী।
 
বুধবার সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার জগন্নাথপুর গ্রামের নিজামউদ্দিনের ছেলে হাফিজুলের সাথে একই গ্রামের জালাল উদ্দিনের মেয়ে রোজিনার প্রায় ৭ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই হাফিজুল ও তার পিতা নিজামউদ্দিন যৌতুকের জন্য রোজিনার উপর শারীরিক ও মানুষিক নির্যাতন চালিয়ে আসছিলো বলে জানান স্থানীয়রা।
 
বুধবার সকালে হাফিজুলের বাড়ির পাশের ডোবায় রোজিনার লাশ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চি‎হ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়রা জানান, রোজিনা নিখোঁজের পর থেকেই স্বামী হাফিজুল ও হাফিজুলের পিতা নিজাম উদ্দিন পলাতক।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেড়া থানার ওসি মো. মোজাফ্ফর হোসেন জানান, যৌতুকের কারণেই রোজিনাকে হত্যা করে লাশ গুম করার জন্য ডোবায় ফেলে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে ময়নাতদন্ত শেষে আরো বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।
 
এ ঘটনায় বেলা ১১টার দিকে পুলিশ হাফিজুলের মা হাফসা খাতুনকে আটক করে থানায় নিয়ে যায়।
 

ইত্তেফাক/এএম।