প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

 
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ের হাত থেকে কুশনা ইউনিয়নের বকশিপুর গ্রামের এক স্কুলছাত্রীকে রক্ষা পেল। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
 
প্রাপ্ত সূত্রে প্রকাশ, মানবাধিকার সংগঠন আরডিসির হটলাইনে একটি সংবাদ আসে কোটচাঁদপুর উপজেলার বকশিপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে ৭ম শ্রেণির ছাত্রী শেখা খাতুনের বিয়ে হচ্ছে। সংবাদটি জরুরি ভিত্তিতে কোটচাঁদপুর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে জানালে তিনি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানাকে সাথে নিয়ে ঐ বাড়িতে হাজির হন।
 
মেয়ের বাবা-মা ও মেয়ের সাথে আলোচনা করে বিবাহ বন্ধ করেন। মেয়ের বাবা-মা অঙ্গীকার বদ্ধ হন যে, মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত ওই মেয়েকে তারা আর বিয়ে দেবেন না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুন জানায়, তারা বাল্য বিয়ের ব্যাপারে কঠোর অবস্থানে আছেন। এ ধরণের সংবাদ পেলেই তারা জরুরি পদক্ষেপ নেবেন।
 
ইত্তেফাক/জামান