‘আমাদের গর্ব বাংলাদেশ আর্ন্তজাতিক পারমাণবিক জগতে প্রবেশ করছে’

 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে এসে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সদস্যরা সন্তোষ প্রকাশ বলেছেন, আমাদের গর্ব, বাংলাদেশ ছোট দেশ হলেও আর্ন্তজাতিক পারমাণবিক জগতে প্রবেশ করছে। 
 
নভেম্বরের প্রথমার্ধে ঈশ্বরদীর রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পারমাণবিক চুল্লি বসানোর কাজের উদ্বোধনের সার্বিক প্রস্তুতি ও অগ্রগতি পরিদর্শনে ঈশ্বরদীতে এসে বুধবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হকসহ অন্যান্য সংসদ সদস্যরা এই অভিব্যক্তি প্রকাশ করেছেন।
IMG0
বুধবার সকালে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে সরকারের সংসদীয় স্থায়ী কমিটির এই প্রতিনিধিদল রূপপুরে আসেন। রূপপুর ভবনে রুহুল হকের সভাপতিত্বে প্রকল্পের পারমাণবিক চুল্লি বসানোর কাজের প্রস্তুতি ও অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। 
 
এসময় স্থায়ী কমিটির সদস্য সংসদ সদস্য ইমরান আহমেদ, সংসদ সদস্য আমান উল্লাহ, সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংসদ সদস্য নূরুল ইসলাম মিলন, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইতি রানী পোদ্দার, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান দিলীপ কুমার সাহা, প্রকল্পের উপদেষ্টা প্রকৌশলী মনিরুল ইসলাম, প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর, সংসদীয় কমিটির সচিব মফিজুল ইসলাম, পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশরাফুল ইসলাম, প্রকল্পের মূখ্য প্রশাসনিক কর্মকর্তা, অলোক কুমার চক্রবর্তী, ইউএনও নাছরিন আক্তার, সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। 
IMG1
মতবিনিময় সভায় রাশিয়ান এটমস্ট্রয় এক্সপোর্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবি খাজিন, রূপপুর প্রকল্পের কন্সট্রাকশন বিভাগের ফাস্ট ডেপুটি ডাইরেক্টর এসজি লাসতুসকিন ও প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর প্রকল্পের সার্বিক চিত্র বর্ণনা করেন। 
 
সভায় রুহুল হক প্রকল্পে কর্মরতদের শারীরিক চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে চান। এসময় তিনি জরুরি স্বাস্থ্যসেবা দেয়ার জন্য চিকিৎসা কেন্দ্রে সকল ব্যবস্থা রাখার পরামর্শ দেন। মতবিনিময় শেষে সংসদীয় কমিটি ও অন্যান্য কর্মকর্তারা প্রকল্প এলাকা ঘুরে দেখেন।
 
ইত্তেফাক/আরকেজি