চট্টগ্রামের হাটহাজারীতে পিতাকে মারধরের অপরাধে আবদুল্লাহ আল মাহমুদ (৩৭) নামে মাদকাসক্ত পুত্রকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি হাটহাজারী পৌরসভাধীন আলীপুর গ্রামের মাষ্টার ইউনুছ বাড়ীর মাষ্টার মোহাম্মদ ইউনুছের পুত্র।
বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন।
দণ্ডিত মাহমুদের পরিবার সূত্র জানায়, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। ইতোপূর্বে তাকে পাঁচ বার মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়েছে। এরপরও সে মাদক সেবন করে পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছে। বৃহস্পতিবার সকালে সে মাদক সেবনের টাকার জন্য তার নিজ বোন রুমানা আক্তারকে মারধর করে। পিতা প্রতিবাদ করতে আসলে তাকেও সে পিটুনি দেয়। পরে পিতা এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি পুলিশ নিয়ে মাহমুদকে ঘটনাস্থল থেকে আটক করে। সেখানে সাক্ষ্য প্রমাণ ও আবদুল্লাহ আল মাহমুদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আক্তার উননেছা শিউলী ইত্তেফাককে বলেন ,মাদকাসক্ত হয়ে পিতা ও বোনকে মারধরের অপরাধ প্রমাণিত হওয়ায় আবদুল্লাহ আল মাহমুদকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দণ্ডিত ব্যক্তিকে বৃহস্পতিবার বেলা বারোটায় কারাগারে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআর