বিওয়াইএলসি ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত

 
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৃহস্পতিবার দ্বিতীয় বারের মত বিওয়াইএলসি ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। 
 
বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) অফিস অফ প্রফেশনাল ডেভেলপমেন্ট (ওপিডি) এ ফেয়ারের আয়োজন করে। সহযোগিতায় ছিল আগা খান ফাউন্ডেশন ও রিজওয়ান আদাতিয়া ফাউন্ডেশন। এবারের ক্যারিয়ার ফেয়ারে ৩০টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এবং ৫০০ জন বিওয়াইএলসি গ্র্যাজুয়েট অংশ নেয়।   
 
ক্যারিয়ার ফেয়ারটি উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ডাচ রাষ্ট্রদূত লিওনি কুলেনারে। উদ্বোধনের পর তিনি বলেন ‘বিওয়াইএলসি শুধু দেশের তরুণদের মাঝে বিশ্লেষণধর্মী চিন্তা এবং নেতৃত্বের দক্ষতা গড়ে তোলার কাজটিই করছে না বরং চাকরি প্রত্যাশী তরুণ এবং চাকরিদাতাদের মধ্যে যোগাযোগ তৈরির মাধ্যমে অর্থনৈতিক সুযোগও সৃষ্টি করছে।’    
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন বেসরকারি এবং অলাভজনক সংস্থার মানবসম্পদ প্রতিনিধিরা গ্র্যাজুয়েটদের সঙ্গে কথা বলেন, রেজিউমি বাছাই করেন এবং মেধাবী প্রার্থীদের অনস্পট ইন্টারভিউ নেন। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও এবং বিশিষ্টজনদের আলোচনায় কর্মজীবনের প্রস্তুতি এবং ক্যারিয়ার বাছাই সম্পর্কিত তথ্যের ওপর দুটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। 
 
প্যানেল ডিসকাশন সঞ্চালনা করেন বিওয়াইএলসির চেয়ারপার্সন আখতার মতিন চৌধুরী, সভাপতি ইজাজ আহমেদ এবং আলোচক হিসেবে অংশ নেন রেনেটা লিমিটেডের সিইও সাইয়েদ এস কায়সার কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিন আনাম, ঢাকা ব্যাংক লিমিটেডের সিইও মাহবুবুর রহমান, বিওয়াইএলসির বোর্ড মেম্বার পিয়াল ইসলাম, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও ফারজানা চৌধুরী এবং বার্জারের সিইও রূপালী চৌধুরী।   
 
এ সময় বিওয়াইএলসির নতুন উদ্যোগ ‘কানেক্ট এড’ এর উদ্বোধন করা হয়। ‘কানেক্ট এড’ নিয়োগদাতা এবং বিওয়াইএলসি গ্র্যাজুয়েটদের জন্য একটি অনলাইন যোগাযোগ এবং নিয়োগ প্ল্যাটফর্ম। মেধাবী প্রার্থীকে উপযুক্ত চাকরি খুঁজে দেয়ার পাশাপাশি কানেক্ট এড তরুণদের জন্য অনলাইন শিক্ষার সুযোগ তৈরি করবে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইএলসির সভাপতি ইজাজ আহমেদ বলেন, ‘পেশাগত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, চাকরির সুযোগ এবং অনলাইনে পেশাগত যোগাযোগ ও শিক্ষার সুযোগ তৈরির মাধ্যমে ওপিডি বিওয়াইএলসি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের জীবনমান উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে।
 
বিওয়াইএলসির চেয়ারপার্সন আখতার মতিন চৌধুরী বলেন, ‘বিশ্ব ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে প্রতি বছর প্রায় ২০ লাখ তরুণ চাকরিবাজারে প্রবেশ করে কিন্তু তাদের মাঝে মাত্র ৫ লাখের উপযুক্ত দক্ষতা রয়েছে। বিওয়াইএলসি নেতৃত্ব প্রশিক্ষণ, যোগাযোগ, বিশ্লেষণধর্মী ভাবনা এবং পেশাগত দক্ষতার ওপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে এই সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।
 
এ বছর বিওয়াইএলসির ক্যারিয়ার ফেয়ারে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলি হলো ইস্পাহানি গ্রুপ, ডিআইআরডি গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেড, রেনেটা লিমিটেড, রহিম আফরোজ সোলার, ঢাকা ব্যাংক লিমিটেড, অনন্ত গ্রুপ, জিরো গ্র্যাভিটি ভেনচারস লিমিটেড, প্যারাগণ গ্রুপ, আবদুল মোনেম লিমিটেড, সার্ভিস ইঞ্জিন বিপিও, সাজিদা ফাউন্ডেশন, এডুকেশনইউএসএ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ, জাগো ফাউন্ডেশন, ডাড/জার্মান দূতাবাস, নিউ এশিয়া গ্রুপ, ব্র্যাক, এসিআই লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, এসকেএফ ফার্মাসিউটিক্যালস, প্রভা হেলথ, স্ট্যান্ডার্ড চ্যাটার্ড ব্যাংক, আমারা নেটওয়ার্কস লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, রহমান হক/কেপিএমজি ও প্রোটনিক্স লিমিটেড।
 
 
ইত্তেফাক/ইউবি