অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজকে যুদ্ধ বলতে নারাজ ইংল্যান্ড ক্রিকেট দলের পেসার স্টুয়ার্ট ব্রড। আসন্ন অ্যাশেজকে ‘যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার । কিন্তু ওয়ার্নারের সেই বক্তব্যের সাথে একমত হতে পারছেন না ব্রড। তিনি বলেন, ‘আমি তাদের কথাকে উপেক্ষা করছি না। তবে এটি ক্রিকেট খেলা, যুদ্ধ নয়।’
আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজের লড়াই। তার আগেই কথা লড়াইয়ে শামিল হয়েছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। কেউ আসন্ন অ্যাশেজ নিয়ে করছেন ভবিষ্যদ্বাণী, আবার কেউই নিজেদের সাথে তুলনাও করছেন। এর মাঝে আসন্ন অ্যাশেজকে যুদ্ধ বলে ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ওয়ার্নার। তিনি বলেন, ‘খুব শিগগিরই যুদ্ধের ময়দানে নামতে হচ্ছে।’
ওয়ার্নার এমন কথার পাল্টা জবাব দিয়েছেন ইংল্যান্ডের ডান-হাতি পেসার ব্রড। দ্য ডেইলি টেলিগ্রাফকে তিনি বলেন, ‘এটিকে যুদ্ধ বলা হচ্ছে। কিন্তু আমার কাছে তা মনে হয় না। এটি ক্রিকেট লড়াই। যুদ্ধ নয়।’
ইতোমধ্যেই ইংল্যান্ডের অনভিজ্ঞ ব্যাটিং লাইন-আপকে টার্গেটের কথা বলেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিভেন স্মিথ। অলরাউন্ডার বেন স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডের মিডল-অর্ডারের দায়িত্ব নিতে হবে মার্ক স্টোনম্যান, জেমস ভিন্স ও ডেভিড মালানকে। ইংলিশদের হয়ে স্টোনম্যান ৩টি, ভিন্স ৭টি ও মালান ৫টি টেস্ট খেলেছেন।
এ ব্যাপারে ব্রড বলছেন, ‘যখন তুমি অস্ট্রেলিয়ায় যাবে, তখন নিখাদ বিশ্বাস থাকতে হবে তোমার দলের উপর। যাতে তুমি জিততে পারো। আমি সেটাই বিশ্বাস করছি, আমরা জিততে পারি।’
তিনি আরও বলেন, ‘২০১১ সালে স্ট্রসের নেতৃত্বাধীন এক নম্বরে থাকা দলটি অনেক বেশি দক্ষ, শৃঙ্খলবদ্ধ দল ছিলো। আমি সেই দলে খেলেছি। আর এই দলটি এখন অনেক বেশি রোমাঞ্চকর। মঈন-বেয়ারস্টোরা কি করতে পারে তা জানা নেই। আমরা যেকোন জায়গায় জিততে পারি।’
ইত্তেফাক/রেজা