এমন বড় ক্যানভাসের ছবি এর আগে কখনো হয়নি:অনন্ত জলিল

বিনোদন রিপোর্ট

 

বরাবারের মতো আবারো অ্যাকশন ছবি নিয়েই দর্শকদের সামনে আসার প্রস্তুতি নিচ্ছেন অনন্ত জলিল। গত ২ বছর ধরেই ইরানের সাথে যৌথ প্রযোজনার ভিত্তিতে একটি আন্তর্জাতিক প্লট নিয়ে তৈরি ছবি নির্মাণের প্রস্তুতি নিয়ে আসছেন। গত ৯ এপ্রিল কুড়িল বিশ্বরোড থেকে ১৫ কিলোমিটার উত্তরে রূপগঞ্জের গোবিন্দপুর গ্রামে ছবিটির বিশেষ কিছু সিকোয়েন্সের দৃশ্যধারণ করা হয়। সেখানে দেখা যায় ‘সোয়াত’-এর পোশাকে হেলিকপ্টার থেকে নেমেই অনন্ত জলিল তাণ্ডব শুরু করে দেন।

কিন্তু তার নামার খবর পেয়ে সন্ত্রাসীরা গোলাগুলি শুরু করেন। অবস্থা বেগতিক দেখে হেলিকপ্টার থেকে লাফ দেন অনন্ত জলিল! মূলত এটি চিত্রনায়ক অনন্ত জলিলের দিন-দ্য ডে ছবির শুটিংয়ের দৃশ্য! এদিন শুটিং শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। কিন্তু বাগড়া দেয় বৃষ্টি। সেকারণে দেড়ঘণ্টা পর ক্যামেরা চালু হয় বলে জানান অনন্ত জলিল।

শুটিংস্পটে গিয়ে দেখা যায় ইরানি ক্রুদের ভিড়। ক্যামেরা, লাইট সব মিলিয়ে ১৭ জন টেকনিশিয়ান কাজ করছেন। যখন ১টা ২২ মিনিট তখন হেলিকপ্টারে অনন্ত জলিলের অ্যাকশন দৃশ্য ক্যামেরাবন্দি করছিলেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

এর আগে ইরান ও আফগানিস্তানের সীমান্তে টানা ১৪ দিন শুটিং করেছেন। গত ৭ দিন ধরে বাংলাদেশে চলছে দ্বিতীয় লটের শুটিং, একটানা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত।

নির্মাতা মুর্তজা অতাশ জমজম বলেন, ‘রোজার মাসে তুর্কিতে ১৫ দিনের শুটিং হবে।’ ছবিটি প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমি এমনি কোনো কারণ বা যুক্তি ছাড়া কখনো ছবি তৈরি করি না। প্রতিটি ছবিতেই আমি একটি সামাজিক মেসেজ দেওয়ার চেষ্টা করি। তেমনি দিন দ্য ডে ছবিতেও একইভাবে দারুণ কিছু অ্যাকশন ফ্যান্টাসির পাশাপাশি মেসেজ দেওয়ার চেষ্টা করছি। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এই ছবিটি অন্যতম মাইলফলক হবে বলে আমার বিশ্বাস।’