রামগঞ্জে লাশ উদ্ধারের ঘটনায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 
রামগঞ্জে নিখোঁজের দুইদিন পর ডেকোরেশন শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় ইমন হোসেন (৩৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার আলীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। ইমন উপজেলার আলীপুর গ্রামের ছেরাজুল হকের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
 
এরআগে দুইদিন নিখোঁজ থাকার পর বুধবার দুপুরে দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের সাদার বাড়ির উত্তর পাশের একটি ডোবা থেকে ডেকোরেশন শ্রমিক জহিরুল ইসলামের (২৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় ওইদিন সন্ধ্যায় নিহতের ভাই মো. হারুন বাদী হয়ে রামগঞ্জ থানায় ৬জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার এজহার নামীয় আসামি হিসেবে ইমনকে গ্রেফতার করা হয়। নিহত জহিরুল পার্শ্ববর্তী পূর্বদরবেশপুর গ্রামের ছৈয়াল বাড়ির মৃত মনির হোসেনের ছেলে।
 
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইউসুফ জানায়, নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে ডেকোরেশন শ্রমিকের মরদেহ উদ্ধারের ঘটনায় থানায় মামলা হয়েছে। পরে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলীপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মামলার ২য় আসামি ইমনকে গ্রেফতার করা হয়।
 
রামগঞ্জ থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া জানান, গ্রেফতারকৃত ইমন ডেকোরেশন শ্রমিক হত্যা মামলার ২য় আসামি। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
 
ইত্তেফাক/আরকেজি