প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আপনারা ইচ্ছে করলেই পারবেন জাতীর প্রত্যাশা পূরণ করতে। কোনো ধরনের ট্রেনিং ছাড়াই যে জ্ঞান নিয়ে আপনারা শিক্ষক হয়েছেন, সে টুকু যদি সদিচ্ছায় শিক্ষার্থীদের শেখান তাহলেই যথেষ্ট বলে আমি মনে করি। সব ধরনের যোগ্যতা আপনাদের আছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় নওগাঁ জেলাধীন প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সঙ্গে সবার জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ বিষয়ক মতবিনিময় সভায় শিক্ষকদের উদ্যেশে তিনি একথা বলেন। নওগাঁ জিলা স্কুল মাঠে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করে।
মন্ত্রী বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের উন্নয়নের জন্য এসেছে। বার বার সরকার বদল হলে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগের চেয়ে ভালো আমলনামা নিয়ে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে আছে বলে আমার জানা নেই। আওয়ামী লীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমকক্ষ কোনো নেতা আছে বলে আমি মনে করি না।
মতবিনিয় সভায় সভাপতিত্ব করেন নওগাঁ অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান। এসময় প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল খায়ের, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক এমপি, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট শহীদুজ্জামান সরকার এমপি, ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি, পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদরুজ্জেহা প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় জেলার ১১টি উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/কেকে