আসছে মিলার নতুন গান

বিনোদন রিপোর্ট

 

কেমন আছে মিলা? এমন প্রশ্ন কিছুদিন আগে তার কলিগরা একে অপরকে জিজ্ঞেস করলেও এখন সে প্রশ্ন উত্তর বদলে গেছে। কারণ নানা সঙ্কট পেরিয়ে আবারো দাপিয়ে গান গেয়ে বেড়াচ্ছেন তিনি। খুব শিগগিরই ইউরোপ, আমেরিকা ট্যুরেও যাবেন তিনি।  নিজের কাজের ব্যস্ততা প্রসঙ্গে মিলা বলেন, ‘কেউ কেউ আমাকে শেষ করে দিতে চেয়েছিল। কিন্তু মিলার প্রাণশক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। গানকে আমি কখনোই ছেড়ে যাইনি। তবে বিভিন্ন সঙ্কটে পড়লে মানুষ চেনা যায়। আমিও চিনেছি। এটা আমার জন্য ভীষণ উপকার হয়েছে। খুব শিগগিরই নতুন একটি সিঙ্গেল গান রিলিজ দেবো। এছাড়া নিয়মিত প্র্যাকটিস তো চলছেই। আয়োজকরা অনেকেই এখন নক করছেন। টানা কয়েকটি শো শেষ করে আবারো দেশের বাইরে শোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

নিজের পারিবারিক সঙ্কট আর মামলা মোকদ্দমাতে বেশ কিছুদিন গান থেকে দূরে থাকলেও আবারো ছন্দে ফেরা মিলা তার আগামী জীবন প্রসঙ্গে বলেন, ‘যে প্রতারক তাকে শাস্তি পেতেই হবে। কারণ সত্যের জয় হবেই। সেদিনের অপেক্ষাতেই আছি। এমনিতে  আমার মনোবল নষ্ট করে দিতে চেয়েছিল কেউ কেউ। কিন্তু আমার ভেতরে যেহেতু কোনো অন্যায় নেই, তাই সে ব্যাপারে আমি কখনোই দ্বিধাগ্রস্ত ছিলাম না।’

উল্লেখ্য, পপ গানের ধারায় নিজেকে স্বতন্ত্র আঙ্গিকে প্রমাণ করেছেন মিলা। এছাড়া স্টেজ মাতানো শিল্পীদের তালিকায় গত কয়েক দশকে তার মতো স্টেজ মাতিয়ে দাপিয়ে বেড়িয়েছেন কম শিল্পী এদেশে। মিলার এই কামব্যাকে তাই অনুষ্ঠান আয়োজকরাও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।