অখ্যাত ফুয়েনলাব্রাদার বিপক্ষেও রীতিমতো যুদ্ধ করে জিততে হয়েছে রিয়াল মাদ্রিদকে। কোপা দেল রে’র চতুর্থ রাউন্ডের প্রথম লেগের খেলায় জোড়া পেনাল্টিতে ২-০ গোলে জয় পেয়েছে রিয়াল। অবশ্য নিয়মিত একাদশে ছয়টি পরিবর্তন এনেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। বিশ্রাম পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোসহ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়। যদিও খেলোয়াড় বা কোচ হিসেবে জিদানের এখনও স্প্যানিশ কাপ বা কোপা দেল রে জেতার সৌভাগ্য হয়নি।
প্রতিপক্ষের মাঠে ৬৩তম মিনিটে পেনাল্টি থেকে রিয়ালকে এগিয়ে দেন আসেনসিও। এরপর তিও এরনদেঁজকে ফাউলের জন্য আবার পেনাল্টি পায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় কানেদেলাকে। আর স্পটকিক থেকে গোল করে জয় নিশ্চিত করেন লুকাস ভাসকেস।
ম্যাচের শেষ দিকে রিয়ালের সেন্টার-ব্যাক হেসুস ভাইয়েহো ক্লাবের হয়ে অভিষেকের দিন সরাসরি লালকার্ড দেখে বহিস্কৃত হন। তবে রিয়ালকে বাকি সময়ে আর কোনো বিপদে পড়তে হয়নি।
ইত্তেফাক/কেআই