পাবনার ঈশ্বরদীতে র্যাব-১২ অভিযান চালিয়ে একই স্থান থেকে দুইদিনে কোটি টাকার হেরোইন জব্দ করেছে। এসময় দুই মাদক ব্যবসায়ীকেও আটক হয়।
ঈশ্বরদী থানার ডিউটি অফিসার মোহাম্মদ আলী জানান, র্যাবের হাতে গ্রেফতারকৃত হেরোইন ব্যবসায়ী জাকিরুল ইসলামকে শুক্রবার দিবাগত রাতে একটি মামলা দিয়ে ঈশ্বরদী থানায় হেরোইনসহ হস্তান্তর করা হয়। আসামিকে পাবনা জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পাবনা র্যাব-১২ জানায়, সিপিসি-২, পাবনা শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে পাবনা-কুষ্টিয়া বিশ্বরোড লালন শাহ সেতুর পূর্বপাশে টোল প্লাজার গোলচত্ত্বরের উত্তর পার্শ্বে একটি যাত্রীবাহী 'সোনামনি এন্টারপ্রাইজ' বাসে অভিযান চালায়। এসময় ভেড়ামারা থানার চাঁদপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাদক ব্যবসায়ী আসামী জাকিরুল ইসলামকে (৩০) ৫৭০ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। আটককৃত হেরোইনের মূল্য অনুমানিক সাড়ে ৫৮ লাখ টাকা বলে র্যাব জানিয়েছে। এসময় ১টি মোবাইল, ২টি সিম ও মাদক বিক্রয়ের নগদ ৪০০/- টাকা জব্দ করা হয়।
এদিকে ২৩ সেপ্টেম্বর দুপুরে র্যাব-১২, সিপিসি-২, পাবনা গোপন সংবাদের ভিত্তিতে লেফটেন্যান্ট রুহুল আমিন (এক্স), বিএনভিআর এর নেতৃত্বে ওই গোলচত্ত্বরের একইস্থানে কুষ্টিয়া হতে পাবনা গামী 'নাজ পরিবহন' নামক একটি যাত্রীবাহী বাসে অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী আশরাফুলকে (২২) হেরোইন সহ আটক করে র্যাব। আশরাফুলের বাড়ি কুষ্টিয়ার মিরপুর থানা এলাকায়। এসময়, ৫৭ লাখ টাকার হেরোইন, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড উদ্ধার করা হয়।
ইত্তেফাক/জামান