কুড়িগ্রামের ফুলবাড়ীতে অভিনব কায়দায় গ্যাস সিলিন্ডারের ভিতর গাঁজা ঢুকিয়ে পাচারের সময় এক যুবককে আটক করেছে বিজিবি। এসময় গ্যাস সিলিন্ডার থেকে ৯ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক যুবকের নাম লুৎফর রহমান (৩২)। তিনি উপজেলার খলিশাকোটাল গ্রামের আবুল কাশেমের ছেলে।
বিজিবি সূত্র জানায়, শুক্রবার সকাল এগারটার দিকে উপজেলার উত্তর শিমুলবাড়ী এলাকা দিয়ে বাইসাইকেলে গ্যাস সিলিন্ডার নিয়ে ফুলবাড়ী অভিমুখে যাচ্ছিল ওই যুবক। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে শিমুলবাড়ী ক্যাম্পের বিজিবি'র টহল দল তার গতিরোধ করে। পরে তল্লাশি চালিয়ে সিলিন্ডারের ভিতর অভিনব কায়দায় রাখা গাঁজা গুলো জব্দ করা হয়। জব্দকৃত গাঁজা গুলোর আনুমানিক মূল্য ১ লাখ টাকা।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন শিমুলবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার নুর-ই-আলম জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদক চোরাচালান আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/জামান