পিএসজির ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে অতিথি হয়ে আসছে নিস। সেই দলে আছেন নিসের ইতালিয়ান ফরোয়ার্ড ফরোয়ার্ড মারিও বালোতেল্লি। তবে এই ইতলিয়ান ‘ব্যাড বয়’ এর সঙ্গে দ্বৈরথটা হচ্ছে না ব্রাজিল তারকা নেইমারের। তাই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে মুখোমুখি দেখা না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন বালোতেল্লি।
গত সপ্তাহে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে মাঠ ছাড়ার ৩ মিনিট আগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচে লুকাস ওকাম্পোস ফাউল করেছিলেন নেইমারকে। মেজাজ হারিয়ে নেইমার ধাক্কা দেন তাঁকে। এতে রেফারি দ্বিতীয় হলুদ কার্ড দেখান নেইমারকে। সেই লাল কার্ড দেখার ফলেই এক ম্যাচ মাঠের বাইরে থাকতে হচ্ছে এই ব্রাজিল তারকাকে।
শুক্রবার বাংলাদেশ সময় পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। নিসের লক্ষ্য থাকবে পিএসজির মাঠে লিগে টানা তিন হারের ব্যর্থতা কাটানো। এবারের মৌসুমে দারুণ খেলছেন বালোতেল্লি। নিসের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১১ ম্যাচে করেছেন ৮ গোল। লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা পিএসজির বিপক্ষে চমক দেখানোর আশাও উড়িয়ে দিচ্ছেন না ইতালিয়ান এই স্ট্রাইকার।
সেই রোমাঞ্চকর ম্যাচে প্রতিপক্ষ হিসেবে নেইমারকে না পেয়ে হতাশ বালোতেল্লি বলেন, ‘ব্যক্তিগতভাবে, আমি নেইমারের বিপক্ষে খেলতে চেয়েছিলাম। আমি আশা করেছিলাম, সে ম্যাচটিতে থাকবে।’
নেইমার না থাকলেও কাভানি এমবাপেসহ পিএসজির দলে অনেক তারকা খেলোয়াড়ই আছেন। তারপরও ম্যাচ জেতাটা অসম্ভব মনে করছেন না বালোতেল্লি। তিনি বলেন, ‘ম্যাচ জেতাটা কঠিন, কিন্তু অসম্ভব নয়।’
ইত্তেফাক/কেআই