মহাদেবপুরে বিভিন্ন প্রজাতির পাখিসহ আব্দুস ছাত্তার (৫০) নামে এক পাখি ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। ছাত্তার সদর উপজেলার শেরপুর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ছাত্তার পোরশা উপজেলার বিভিন্ন এলাকা থেকে পাখি শিকার করে থাকেন। এছাড়া পোরশা এলাকায় বিভিন্ন পাখি ব্যবসায়ীদের কাছ থেকে কিনে থাকেন। ছাত্তার বৃহস্পতিবার রাতে আবাবিল, বাবুই, হটটিটি, লিটিলবাটন এবং জিনিয়া পাখি পাঁচটি বস্তায় করে নওগাঁ শহরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার এএসআই শাহিনের নেতৃত্বে রাত ৮টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে। পাখিগুলো উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
IMG0
মহাদেবপুর থানার ওসি মিজানুর রহমান বলেন, ছাত্তার দীর্ঘদিন থেকে পাখি কেনাবেচার সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এই ব্যবসার সাথে অন্য যারা জড়িত তাদেরও আটক করা হবে। ওসি আরো জানান, এ ব্যাপারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ (৩৮/২) ধারায় মামলা করা হয়েছে। ছাত্তারকে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি