ছোট ভাইয়ের চড়ের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

 
গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে ছোট ভাইয়ের চড়ের আঘাতে বড় ভাই শহিদ আলীর (৪৫)  মৃত্যু হয়েছে। শহিদ আলী ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
 
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে জমি নিয়ে দুভাইয়ের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ছোট ভাই সাইফুল ইসলাম শহিদ আলীকে কিল ঘুষি ও চড়-থাপ্পড় মারেন। চড়ের আঘাতে শহিদ আলী মাটিতে লুটে পড়ে অজ্ঞান হয়ে পড়েন। এ সময় স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
স্থানীয়রা জানান, শহিদ ও সাইফুল ইসলামের মধ্যে জমি নিয়ে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার সকালে আবারো জমি নিয়ে দুভাই ঝগড়া করছিল। এক পর্যায়ে সাইফুল ক্ষিপ্ত হয়ে শহিদকে চড়-থাপ্পড় ও লাথি মারলে অসুস্থ হয়ে পড়ে। 
 
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, হামলার কারণে মারা যাওয়ার খবর পেয়ে পুলিশের একটিদল ঘটনাস্থলে রয়েছে। তদন্ত শেষে মারা যাওয়ার কারণ বলা যাবে।
 
 
ইত্তেফাক/আরকেজি