দীঘিনালায় সেতু ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ

 
কাঠ বোঝাই ট্রাকসহ দীঘিনালায় মাইনী সেতু ভেঙ্গে পড়েছে। এ কারণে খাগড়াছড়ির সাথে সাজেক পর্যটন এলাকা ও রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 
 
উপজেলার বাবুছড়া থেকে অতিরিক্ত কাঠ বোঝাই করে একটি ট্রাক খাগড়াছড়ি আসার পথে শুক্রবার বিকেলে দুর্ঘটনা কবলিত হয়। বেইলি সেতুর পাটাতন ভেঙ্গে মাইনী নদীতে পড়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ট্রাক উদ্ধার বা সেতুটি মেরামতের কাজ এখনো শুরু হয়নি।
 
দীঘিনালা থানার ওসি মো. সামসুদ্দীন ভূঁইয়া জানান, সড়কটির গুরুত্ব বিবেচনায় রেখে সেতুটি দ্রুত মেরামত করতে সড়ক ও জনপথ বিভাগকে বলার জন্য পুলিশ সুপারকে জানানো হয়েছে।
 
খাগড়াছড়ি জেলার সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন চৌধুরী জানান, সেতুটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের (ইসিবি) কাছে হস্তান্তরিত। শনিবার সকাল থেকে ইসিবি এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা সম্মিলিতভাবে সেতুটি মেরামতের কাজ শুরু করবে।
 
ইত্তেফাক/আরকেজি