শাহরুখ-সালমানের সঙ্গে প্রথম যেভাবে পরিচয় হয় আমিরের

প্রায় তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন তিন খান শাহরুখ, সালমান, আমির। বন্ধুত্ব, শত্রুতা, শ্রদ্ধা , সংঘাত সবই আছে এই তিনখানের ব্যক্তিগত সম্পর্কে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান ও শাহরুখের সঙ্গে প্রথম পরিচয়ের মজার অভিজ্ঞতার কথা বললেন বলিউড অভিনেতা আমির খান। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, অপর দুই খান- শাহরুখ ও সালমানের সঙ্গে তার প্রথম পরিচয়ের গল্প।
 
মিড ডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, আমি যখন সালমান খানকে প্রথম দেখি তখন আমরা কেউই তারকা হয়ে উঠিনি। পরিচালক আদিত্য ভট্টাচার্যের একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের সুবাদে তার বাড়িতে গিয়েছিলাম। পাশেই একটি লনে সাইকেল চালাচ্ছিলেন সালমান। তার সঙ্গে সেখানেই আমার প্রথম পরিচয়। আলাপের সূত্রেই জানতে পারি ছোটবেলায় সালমান আর আমি একই স্কুলে, একই ক্লাসে এক বছর পড়েছিলাম। সম্ভবত সেটা ছিলো গ্রেড-টু। কিন্তু আমরা তখন কেউ কাউকে চিনতাম না।
 
সাক্ষাৎকারে আমির বলেন, শাহরুখের সঙ্গে আমার প্রথম পরিচয় হয় ১৯৯২ সালে। তখন শাহরুখ সবেমাত্র জুহি চাওলার সঙ্গে ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ সিনেমার শুটিং শুরু করেছে।
 
সে সময় আমি আর জুহিও নতুন একটি সিনেমার শুটিং করছিলাম। শুটিং সেটেই তার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়। তখন শাহরুখের বলিউড অভিষেক সিনেমা ‘দিওয়ানা’ মুক্তি পায়নি এবং বলিউড অভিনেতা হিসেবে তাকে কেউ চিনতো না। প্রথম পরিচয়ে তাকে (শাহরুখ খানকে) আমার বেশ মিশুকে ও হৃদয়বান বলে মনে হয়েছিলো।
 
ইত্তেফাক/রেজা