অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি উন্মোচন

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) গতকাল অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জার্সি উন্মোচন করেছে। অ্যাপারেল ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠান অ্যাসিক্সের বানানো জার্সি পরেই শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে অ্যারন ফিঞ্চের দল। জার্সির ছবি গায়ে দিয়ে টুইটারে প্রকাশ করা হয়েছে গ্লেন ম্যাক্সওয়েলের ছবি।

জার্সির রঙে হলুদের আধিক্যই বেশি। সঙ্গে আছে সবুজ কলার। কাঁধ আর হাতেও আছে সবুজের ছোয়া। চলতি বছর ভারতের বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের জার্সির সঙ্গে এর বেশ মিল আছে।

বিশ্বকাপ শুরু হবে আগামী ৩০ মে। শেষ হবে ১৪ জুলাই। এক জুন আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে অস্ট্রেলিয়া। টুর্নামেন্টকে সামনে রেখে দলের অভিজ্ঞ ব্যাটসম্যান শন মার্শ আশাবাদ প্রকাশ করলেন। তার এই আশাবাদের কারণ সাম্প্রতিক পারফরম্যান্স।

তিনি বলেন, ‘আমরা এখন ভালো একটা অবস্থায় আছি। ভারতের বিপক্ষে যে অবস্থা থেকে ফিরে এসে জিতেছি সেটা অতিমানবীয়। আমরা ২-০ তে পিছিয়ে থেকেও সিরিজ জিতেছি। পাকিস্তানের বিপক্ষে জিতেছি ৫-০ ব্যবধানে। সেটাও আবার উপমহাদেশে। এটা আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাচ্ছে।’

তবে, বিশ্বকাপে লক্ষ্য কি? অস্ট্রেলিয়া কী আদৌ শিরোপা ধরে রাখতে পারবে?—এমন প্রশ্নের জবাবে সরাসরি কোনো উত্তর দিলেন না শন মার্শ বললেন, ‘আসলে কোনো কিছুরই নিশ্চয়তা দেওয়া যায় না। আমি শুধু বলবো আমরা সঠিক পথেই আছি। এই অবস্থা থেকে আমরা আরো এগিয়ে যেতে চাই। এখন আমরা ভালো অবস্থানে আছি, এটা ধরে রাখতে আমরা আরো পরিশ্রম করবো। বিশ্বকাপে যারাই সুযোগ পাবে তারা নিজেদের উজাড় করে দিতে মরিয়া থাকবে।’

বিশ্বকাপ শুরুর আগে আইসিসির আয়োজিত দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে অজিরা। এর মধ্যে ২৫ মার্চ তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড। এর পর ২৭ মার্চ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সাউদাম্পটনে।