খুলনায় তানভীর হোসেন রকি (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রকি খুলনা সরকারি মজিদ মেমোরিয়াল সিটি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ও নগরীর আলতাপোল লেন এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তবে পুলিশ বলছে, নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী। গত মাসে তার ভাই রনি অস্ত্রসহ গ্রেফতার হয়।
খুলনা থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, প্রতিপক্ষ সন্ত্রাসীরা তানভীর হোসেন রকিকে ধারালো অস্ত্র দিয়ে এলাপাথাড়িভাবে কুপিয়ে নগরীর পশ্চিম টুটপাড়া বালুর মাঠ ও দারোগার বস্তি সংলগ্ন স্থানে ফেলে রেখে যায়। স্থানীয়দের কাছে খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, নিহত রকি খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুলনা থানায় হত্যাচেষ্টা, তিনটি ডাকাতি ও ছিনতাইসহ ১৫টি মামলা রয়েছে। সে নগরীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সেকে-ইন কমান্ড।
ইত্তেফাক/জামান