ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় নিখোঁজের সাতদিন পর মুর্শিদ মণ্ডল (২৬) নামে এক যুবলীগ কর্মীর লাশ উদ্ধার করা করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ওই লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পাগলা থানা পুলিশ নিহত মুর্শিদ মণ্ডলের বাড়ির ২০০ গজ দূরে বেলদিয়া গ্রামের জনৈক মান্নানের পরিত্যক্ত বাড়ির মাটির কুয়া থেকে লাশের পচা দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। পিছনে হাত বাঁধা লাশের চোখ,মাথা, মুখ, পেট, হাত, পা সারা শরীরে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাত ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলদিয়া গ্রামের মৃত রশিদ মণ্ডলের ছেলে যুবলীগের ওই কর্মী গত ২১ অক্টোবর শনিবার রাত ৯টার দিকে তার বাড়ি থেকে প্রতিবেশী আজিম নামে এক যুবক ডেকে নিয়ে যায়। এর ঘণ্টা পর রাত ১০টার দিকে আজিম পুনরায় মুর্শিদের বাড়িতে আসলেও মুর্শিদ আর ফিরে আসেনি।
নিখোঁজ মুর্শিদের স্ত্রী আসমা (২২) জানায়, ঘটনার পর থেকে মুর্শিদের মোবাইল ফোনটি বন্ধ ছিল। সাতদিন ধরে আত্মীয় স্বজন, পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ খবর নিয়েও মুর্শিদের কোন সন্ধান পায়নি তারা। ক্ষুব্ধ এলাকাবাসী গত ২২ অক্টোবর রবিবার সকালে আজিমকে আটক করে পাগলা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। ২৩ অক্টোবর সোমবার মুর্শিদের ভাই বাদী হয়ে পাগলা মামলা দায়ের করে। এই মামলায় তাকে ময়মনসিংহ জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পাগলা থানার ওসি চাঁন মিয়া জানায়, মুর্শিদের পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ইত্তেফাক/জামান