নেইমারহীন পিএসজির ত্রাতা কাভানি

নেইমারের অনুপস্থিতিতে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) ত্রাতা হলেন এডিনসন কাভানি। সঙ্গে যোগ হলো আত্মঘাতী গোল। সেই সুবাদে শুক্রবার রাতে নিসকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ১১ ম্যাচে নয় জয় ও দুই ড্রয়ে ২৯ পয়েন্ট শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলা মোনাকো ২২ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
 
গত রবিবার অলিম্পিক মার্সেই এর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল পিএসজি। ওই ম্যাচে নেইমার লাল কার্ড পাওয়ায় নিসের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হয় পিএসজিকে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ছাড়াও পিএসজিকে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি। তৃতীয় মিনিটে ডি-বক্সের বাঁ-দিক থেকে অ্যাঙ্গেল ডি মারিয়ার বাঁকানো ফ্রি-কিকে ডাইভিং হেডে বল জালে পাঠান কাভানি।
IMG0
৩১তম মিনিটে কাভানির গোলেই ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। প্রথম দফায় আগুয়ান গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোলমুখে ছুটে যান কাভানি। দ্বিতীয় প্রচেষ্টায় প্রতিপক্ষের জালে বল জড়ান এই উরুগুইয়ান স্ট্রাইকার। এবারের লিগে এই নিয়ে ১১টি গোল করলেন কাভানি। সব ধরনের প্রতিযোগিতায় চলতি মৌসুমে কাভানির এটি ১৫তম গোল।
 
নিজেদের ভুলে ৫২ মিনিটে তৃতীয় গোল খায় নিস। কাভানির হেড কাজে লাগাতে ডি মারিয়া ও দানি আলভেস ছুটে যান। কিন্তু ব্রাজিলিয়ান ডিফেন্ডার দান্তের পায়ে লেগেই বল চলে যায় নিসের জালে। সেই সুবাদে পিএসজি ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে।
 
ইত্তেফাক/কেআই