চকরিয়া উপজেলার আটার ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার ৪৮ হাজার ৭০ একর জমিতে চলতি মৌসুমে আমন ধান চাষ করা হয়েছে। বর্তমানে উপজেলার ৬১টি ব্লকের অধীনে আমন ধান ক্ষেতে পোকার আক্রমণ ঠেকাতে স্থাপন করা হচ্ছে আলোর ফাঁদ।
কৃষি কর্মকর্তাদের তদারিকতে কৃষকরা ধান রোপণ শেষ হওয়ার পর থেকে জমিতে আলোর ফাঁদ স্থাপনের কাজ শুরু করেছে। এ বছর ৪৮ হাজার ৭০ একর আমন ধান ক্ষেতে বসানো হচ্ছে স্থায়ী ১৫টি ও অস্থায়ী ভিত্তিতে ২৫০টি আলোর ফাঁদ।
উপজেলা কৃষি বিভাগের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, চলতি মৌসুমে উপজেলার আঠারটি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকায় আমন ধানক্ষেতে প্রতি বছরের মতো কৃষি বিভাগের তরফ থেকে ‘আলোর ফাঁদ’ স্থাপনের কাজ শুরু করা হয়েছে। ইতোমধ্যে বেশির ভাগ এলাকায় আলোর ফাঁদ বসিয়ে ক্ষেতে পোকা-মাকড়ের উপস্থিতি জরিপ করা হচ্ছে।
জানতে চাইলে চকরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো.আতিক উল্লাহ বলেন, ফলন ঘরে তোলার পর অস্থায়ী আলোর ফাঁদগুলো উঠিয়ে নেয়া হবে। তিনি বলেন, আলোর ফাঁদ স্থাপনের মাধ্যমে ক্ষেতে পোকামাকড়ের উপস্থিতি শনাক্ত করণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সেমিনার করে চাষের আগে কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। আবার বিষ মুক্ত ফসল উৎপাদনের জন্য আলোর ফাঁদ পদ্ধতি বেশ উপযোগী।
ইত্তেফাক/এমআর