সাভারে কারখানা শ্রমিককে পিটিয়ে হত্যা

সাভারে পূর্ব শত্রুতার জের ধরে এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সহকর্মীদের বিরুদ্ধে। সোমবার রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মারমোড় এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই নিহতের পরিবারের পক্ষ থেকে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলেও পুলিশ হত্যাকান্ডের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি। নিহত শ্রমিকের নাম আবুল কাশেম (২৫)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার বড়ভগবানপুর গ্রামের শহিদুল হোসেনের ছেলে।  

নিহত আবুল কাশেম তেঁতুলঝোড়া ইউনিয়নের হরিণধরা এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় পদ্মারমোর এলাকার পদ্মা টিউব ক্যান কারখানায় কাজ করতো বলে জানিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯ টার দিকে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন পদ্মা টিউব ক্যান কারখানার শ্রমিক আবুল কাশেম। এ সময় আগে থেকেই কারখানার সামনে অবস্থান নিয়ে থাকা তার কয়েকজন সহকর্মী পূর্ব শত্রুতার জের ধরে তাকে বেধড়ক মারপিট করে। মারধরের একপর্যায়ে আবুল কাশেম মাটিতে লুটিয়ে পড়লে সহকর্মীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের করা হয়। পরে এনাম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেমকে মৃত ঘোষনা করেন। 

আরও পড়ুন:  জগন্নাথপুরে সড়ক সংস্কারের দাবিতে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট

এ বিষয়ে সাভার মডেল থানার ট্যানারী পুলিশ ফাঁড়ির ইনচার্য (ওসি) গোলাম নবী বলেন, 'নিহত শ্রমিকের মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে সহকর্মীদের সঙ্গে পূর্ব বিরোধের জের ধরে মারধরের একপর্যায়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া যেখানে ওই শ্রমিককে মারধর করা হয়েছে সেই কারখানার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে'।

ইত্তেফাক/জেডএইচডি