জন্মের সম্ভাব্য তারিখের ২৫ দিন আগেই চতুর্থ সন্তানের নাম জানিয়ে দিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী নভেম্বরেই ঘরে আসতে পারে নতুন অতিথি। অধীর আগ্রহ নিয়ে সেই দিনের অপেক্ষায় রোনালদো ও তাঁর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। এই সন্তান নিয়ে এই জুটির আগ্রহ কতটা তা এখান থেকেই বোঝা যায়। তাই ভূমিষ্ঠ হওয়ার আগেই সন্তানের নাম জানিয়ে দিল এ জুটি।
জর্জিনাকে সঙ্গে নিয়ে এসেছিলেন ইনস্টাগ্রামের লাইভ ভিডিওতে। সেখানেই রোনালদো জানিয়েছেন, তাঁদের কন্যার নাম রাখছেন এলেনা মার্টিনা। নামের দুই অংশ পছন্দ করেছেন দুজন। রোনালদো বলেন, ‘আমি প্রথম অংশটা বেছে নিয়েছি আর জিও (বান্ধবী জর্জিনা) দ্বিতীয় অংশ।’
রোনালদো জুনিয়রের আগমন ঘটেছে সাত বছর আগেই। প্রথম সন্তানের আগমনটা রহস্যাবৃত ছিল অনেকদিন। গত জুনে আবার যমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। দুই সন্তানের নাম রেখেছেন মাতেও (ছেলে) ও ইভা (মেয়ে)। এবার অবশ্য দেরি করেননি, সন্তান জন্মের এক সপ্তাহ আগেই দিয়েছেন সংবাদটা। আর এলেনা মার্টিনা তার চেয়েও ভাগ্যবান। কারণ পৃথিবীতে আগমনের পূর্বেই সবার সঙ্গে তার পরিচয় করিয়ে দিলেন রোনালদো।
ইত্তেফাক/কেআই