নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

 
ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা বাজারে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ওই দোকান মালিকদের দাবী। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।
 
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত ২টার দিকে উপজেলার নতুন বান্দুরা বাজার পার্শ্ববর্তী বাসিন্দারা আলী আহম্মদ সুপার মার্কেটের সুকমল রেফ্রিজারেটরের দোকান আগুন দেখতে পান। মুহূর্তে মধ্যে আগুন পার্শ্ববর্তী অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টায় করেন। এসময় দোকানের ভিতরে থাকা দুটি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন আরো ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে এলাকাবাসী দোহার ফায়ার সার্ভিসে ও নবাবগঞ্জ থানা পুলিশের খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দল ঘটনা স্থলে পৌঁছোনোর আগেই বাজারের জান্নাত ভ্যারাইটিজ স্টোর, সুকমল রেফ্রিজারেটরের দোকান, উজ্জল সাহার খাদ্য গুদাম ঘর, মার্কেটের একটি অফিসঘর ও দুইটি গুদাম ঘরও ভস্মীভূত হয়ে যায়।
 
এবিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলবো।
 
ইত্তেফাক/জামান