স্পোর্টস ডেস্ক
আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি স্পেনের মায়োর্কায় সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। ঘটনার পরপরই হাসপাতালে নেওয়া হলেও প্রাথমিক চিকিত্সার পর ডাক্তাররা ছেড়ে দিয়েছেন তাকে।
গেল কয়েকদিন স্পেনের মায়োর্কা অঞ্চলের এল তোরোতে ছুটি কাটাচ্ছিলেন স্ক্যালোনি। মঙ্গলবার স্থানীয় সময় সকাল দশটায় সাইকেল চালানোর সময় আগোরা পোর্টালস ইন্টারন্যাশনাল স্কুলের গাড়ি পার্কিংয়ে একটি টয়োটা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে তার। স্থানীয় পত্রিকা ক্রনিকা ব্যালেয়ার জানায়, গাড়িটির সঙ্গে সংঘর্ষের পরপরই সাইকেল থেকে খোয়া বিছানো রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি।
সঙ্গে সঙ্গে সন এস্পাসেসের একটি হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক রিপোর্টে ব্যাপারটি উঠে আসে। তবে রিপোর্টে এটাও উঠে আসে যে কোনো চোটই গুরুতর নয় তার। তাই প্রাথমিক চিকিত্সার পরই হাসপাতাল ছেড়েছেন তিনি। তার হাসপাতাল ছাড়ার পর আর্জেন্টাইন ফুটবল সংস্থা এএফএ তাদের টুইটারে ক্ষুদে বিবৃতিতে ব্যাপারটি জানিয়েছে।
খেলোয়াড়ী জীবনে ওয়েস্ট হ্যামের হয়ে খেলার পর আরসিডি মায়োর্কায় আসেন স্ক্যালোনি। তখন থেকেই এই অঞ্চলের সঙ্গে সখ্যতা তার।
গেল গ্রীষ্মে রাশিয়ায় ফুটবলের বিশ্বআসরে আর্জেন্টিনার ভরাডুবির ফলে চাকরি যায় সাবেক কোচ হোর্হে সাম্পাওলির। এরপর অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব পান স্ক্যালোনি। নভেম্বর পর্যন্ত দলের দারুণ পারফর্মেন্সের সুবাদে চাকরি পাকা হয় তার। যার ফলে অন্তত ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনা দলের কোচের ভূমিকায় থাকবেন স্ক্যালোনি।