এ্যাশেজ : আত্মবিশ্বাসী রুট

অলরাউন্ডার বেন স্টোকসকে ছাড়াও আসন্ন এ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারাতে প্রচন্ড আত্মবিশ্বাসী ইংল্যান্ড অধিনায়ক জো রুট।
 
গত মাসে ব্রিস্টলে একটি নাইট ক্লাবের বাইরে তথাকথিত মারামারির ঘটনায় ইংল্যান্ড দলে অনির্দিষ্ট কালের জন্য নিষিদ্ধ আছেন স্টোকস। তবে বিষয়টি নিছক মারামারি নয় বলে আজই একটি পত্রিকাকে জানিয়েছেন স্টোকসের কারণে রেহাই পাওয়া এক সমকামী দম্পতি।
 
তবে টেস্ট ক্রিকেটের তারকা অলরাউন্ডার স্টোকসকে ছাড়াই বৈরী পরিবেশেও অস্ট্রেলিয়ার মাটিতে এ্যাশেজ সিরিজ জয়ের ক্ষমতা তার দলের রয়েছে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন রুট। এ্যাশেজ সিরিজ একটি যুদ্ধ বলে অস্ট্রেলিয়াসহ অধিনায়ক ডেভিড ওয়ার্নারের মতের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন ইংলিশ অধিনায়ক।
 
লর্ডসে এক সংবাদ সম্মেলনে রুট বলেন, ক্রিকেট এবং যুদ্ধকে আমি কখনোই এক পাল্লায় মাপি না। স্টোকস অনুপস্থিত থাকবেন বিবেচনা করেই তার দল আসন্ন সিরিজের জন্য জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান অধিনায়ক। 
 
অবশ্য এখনো স্টোকসের অংশ গ্রহণের সম্ভাবনা শেষ হয়ে যায়নি।তিনি বলেন, স্টোকস পুরো সিরিজ না খেলতে পারলেও আমাদের অবশ্যই একটা পরিকল্পনা আছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। প্রকৃত ঘটনা নিয়ে সকলের মতো আমরাও অন্ধকারে। সুতরাং একটা দল হিসেবে আমাদের একটা পরিকল্পনা অবশ্যই আছে। বেন স্টোকস দলকে অনেক কিছু দিয়েছেন। তবে যেমনটা আমি বলছি তার অনুপস্থিতি অন্য কারো দাঁড়ানোর সুযোগও বটে। একটা কঠিন অবস্থায় অনেক সময়ই বিস্ময়করভাবে কেউ না কেউ ঠিকই দাঁড়িয়ে যায়, যা অনেকেই কল্পনা করতে পারে না।
 
ব্রিজবেনে ২৩ নভেম্বর শুরু হবে পাঁচ টেস্ট এ্যাশেজ সিরিজের প্রথম ম্যাচ।
 
ইত্তেফাক/রেজা