ঝিকরগাছায় প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাভারন ইউনিয়ন

যশোরের ঝিকরগাছা ‘উপজেলা প্রশাসন কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ১-০ গোলে ঝিকরগাছা সদর ইউনিয়ন একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো নাভারন ইউনিয়ন একাদশ। স্থানীয় বিএম হাইস্কুল মাঠে স্মরণকালের সর্ববৃহৎ এই ফুটবল আসরে আশরাফুল গোলটি করেন। তিনিই হন ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য টুর্নামেন্ট। সর্বোচ্চ গোলদাতা হন বাঁকড়া ইউনিয়ন একাদশের টিটু। সেরা দর্শক নির্বাচিত হন ইসাহক আলী। খেলাশেষে বিজয়ীদের ট্রফি তুলে দেন প্রধান অতিথি যশোর-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির।
 
টুর্নামেন্টেনের আয়োজক ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলাম’র সভাপতিত্বে মাঠে আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল, যশোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন’র সভাপতি আসাদুজ্জামান মিঠু, থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রশিদুর রহমান রশিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, সিনিয়র সহ সভাপতি ও পৌর মেয়র মোস্তফা আনোয়ার পাশা জামাল, সাধারণ সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুছা মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইকবাল আহমেদ রবি, যশোর জেলা রেফারি অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক  শহিদুল ইসলাম বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির, ৬নং ঝিকরগাছা ইউনিয়ন চেয়ারম্যান আমির হোসেন, ৭নং নাভারণ ইউনিয়ন চেয়ারম্যান শাহাজাহান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন কলিম।
IMG0
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি ও বিশেষ অতিথিদের হাত থেকে ৭নং নাভারণ ইউনিয়ন চেয়ারম্যান ও তার খেলোয়াড়রা চ্যাম্পিয়ান ট্রফিসহ নগদ ৩০ হাজার টাকা পুরষ্কার হিসাবে গ্রহণ করেন এবং ৬নং ঝিকরগাছা ইউনিয়ন চেয়ারম্যান ও তার খেলোয়াড়রা রানার আপ ট্রফিসহ নগদ ২০ হাজার টাকা পুরষ্কার হিসাবে গ্রহণ করেন।
 
‘মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি’ এই স্লোগান নিয়ে চলতি মাসের ৬ তারিখ থেকে টুর্নামেন্টটি শুরু করা হয়। টুর্নামেন্টে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ সর্বমোট ১২টি দলের নিজস্ব এবং হায়ার করা খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ঝিকরগাছা স্পোর্টস ক্লাব, শেখ রাসেল স্মৃতি সংসদ, সাদামন যুব সংসদ ও ক্রিকেট একাডেমির সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।
 
ইত্তেফাক/ রেজা