এপিআইএস-এর স্টিয়ারিং কমিটির অধিবেশন ১ নভেম্বর

 
এশিয়া ও প্যাসিফিক সংক্রান্ত জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক ফোরামের এশিয়া প্যাসিফিক ইনফরমেশন সুপারহাইওয়ে (এপিআইএস)-এর দুই দিনব্যাপী অধিবেশন ১ নভেম্বর রাজধানীতে শুরু হবে। 
 
একটি মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রথম পদক্ষেপ হিসেবে এ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। স্টিয়ারিং কমিটির এ সভায় একশ’টি দেশের প্রতিনিধিরা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
 
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় কানেকটিভিটি, ইন্টারনেট ট্র্যাফিক ম্যানেজমেন্ট, ই-রেসিলেন্স ও ব্রডব্যান্ড এই চারটি প্রধান বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা হবে।
 
২০১৬ সালের ২৯ ও ৩০ আগস্ট চিনের গুয়াংজুতে অনুষ্ঠিত এপিআইএস-এর ওয়ার্কিং গ্রুপের দ্বিতীয় বৈঠকে বাংলাদেশ জাতিসংঘের এসকাপের এপিআইএস-এর সভাপতি নির্বাচিত হয়।
 
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক জানান, বাংলাদেশ এশিয়া প্যাসিপিক ইনফরমেশন সুপারহাইওয়ে (এপিআইএস)-এর ওয়ার্কিং গ্রুপের সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে।
 
তিনি বলেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলে নির্বিঘ্নে যোগাযোগ নেটওয়ার্ক নিশ্চিত করতে এপিআইএস বাস্তবায়নে ওয়ার্কিং গ্রুপ মহাপরিকল্পনা চূড়ান্ত করেছে।
 
পলক বলেন, তাই এপিআইএস-এর প্রথম অধিবেশন আমাদেরকে মহাপরিকল্পনা বাস্তবায়নের কার্যকর পন্থার দিকে চালিত করবে। বাসস
 
ইত্তেফাক/কেকে