আসন্ন রংপুর সিটি করর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান অভিযোগ করেছেন, বর্তমান সিটি মেয়র জেলা আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টু আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা প্রতীক পেয়েছেন বলে যে দাবি করেছেন তা বিভ্রান্তিমূলক। শনিবার নগরীর রাজা রামমোহন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, বুধবার ঝন্টু নৌকা প্রতীক পেয়েছেন দাবি করে তার পক্ষে শহরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করায় বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলের একটা গঠনতন্ত্র আছে। সেখানে কাকে কিভাবে কারা মনোনয়ন দেবে তা স্পষ্ট করে বলে দেয়া আছে।
খালেকুজ্জামান বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৃহস্পতিবার ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি রুমে আমার ১৫ মিনিট কথা হয়েছে। এ সময় ওবায়দুল কাদের আমাকে জানিয়েছেন, এখনো দলীয় প্রতীক কাউকে দেওয়া হয়নি। তাছাড়া এখন পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের কোন তফশিল ঘোষণা করা হয়নি।
তিনি বলেন, আমাকে সংসদ নির্বাচনে ৩বার দলীয় মনোনয়ন দেওয়া হয়েছিল। কিন্তু দল ও মহাজোটের স্বার্থে আমি নির্বাচন থেকে বিরত ছিলাম। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য যে কয়েকজন মানুষ ভূমিকা রেখেছিল আমি তাদের মধ্যে একজন। তিনি সাংবাদিকদের তার পক্ষে থাকার জন্য অনুরোধ জানিয়ে বলেন, আমাকে মনোনয়ন দেওয়া হলে শত বছরের মহাপরিকল্পনা প্রণয়ন করে পরিকল্পিত ও আধুনিক রংপুর গড়া এবং রংপুর একুশ শতকের বাংলাদেশের তথ্য প্রযুক্তির রাজধানী করবো।
এদিকে, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দীন আহমেদ ঝন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি নৌকা প্রতীক পেয়েছি এরকম কথা গণমাধ্যমসহ কোথাও বলিনি। আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণও করিনি। রংপুরের বিভিন্ন এলাকায় স্বতঃস্ফুর্তভাবে মানুষ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন সৈনিক মাত্র। তার নির্দেশে যুদ্ধ করেছি। বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনা রংপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছিলেন। তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্ববধানে রংপুর সিটি কর্পোরেশনের ৩শ' কোটি টাকার কাজ করেছি। এখনো অনেকগুলো কাজ চলমান রয়েছে। তাই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমাকে পুনরায় সমর্থন দিয়ে নৌকা প্রতীক দিবেন বলে আমি আশাবাদী। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রী রংপুরের বাস্তবতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে আমাকে আবারো রংপুর বাসীর সেবা করার সুযোগ দিবেন।
এ ব্যাপারে আওয়ামী কেন্দ্রীয় এক সাংগঠনিক সম্পাদকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দেওয়ার জন্য সবুজ সংকেত দেওয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা পরে দেওয়া হবে। এছাড়া রংপুরের বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ও ব্যক্তিগত ইমেজ এবং জনপ্রিয়তায় সরফুদ্দীন আহমেদ ঝন্টু শীর্ষে রয়েছেন বলে জানা গেছে। তার বিশাল ভোট ব্যাংকও রয়েছে।
অপরদিকে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত সংবাদে রংপুরের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেছেন, সরফুদ্দীন আহমেদ ঝন্টু আওয়ামী লীগ করেন না। তার এই বক্তব্যে রংপুরে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতারা।
ইত্তেফাক/আরকেজি