বেগুন গাছের কী অপরাধ

 
মানুষের প্রতি মানুষের শত্রুতার জঘন্য বহিঃপ্রকাশ ঘটেছে কৃষকের সবজি ক্ষেত নষ্টের মাধ্যমে। তরতাজা সবজি ক্ষেত বিনষ্ট করে শত্রুতার প্রতিশোধ নিয়েছে প্রতিপক্ষ। উপজেলার মধুপুর গ্রামে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। চার কৃষকের প্রায় ছয় বিঘা ক্ষেতের বেগুনগাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই চার কৃষকের প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে বলে গ্রামবাসী জানায়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
 
পুলিশ জানায়, মধুপুর গ্রামের ইউপি সদস্য ও কৃষক মোকলেছুর রহমান, কৃষক আহাদ আলী, আবুল কালাম ও মমতাজ হোসেন কাদার বিলের ডাঙ্গায় বেগুন, লাউ ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন সবজির আবাদ করেন। শুক্রবার রাতের কোন এক সময় তাদের ক্ষেতের সবজি গাছ কেটে সাবাড় করে দেয় দুর্বৃত্তরা। সকালে খবর পেয়ে কৃষকরা তাদের ক্ষেতে এসে এমন ভয়াবহ কাণ্ড দেখে ভারাক্রান্ত হয়ে পড়েন। 
 
কৃষক মোকলেছ ও আহাদ আলী জানান, এরআগেও গত বছর একই ভাবে আমাদের ক্ষেতের আবাদ নষ্ট করেছে দুর্বৃত্তরা। বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, এটি অত্যন্ত জঘন্য প্রকৃতির কাজ। বিষয়টি তদন্ত করার জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি