গাড়ীতে আগুন দেওয়া সন্দেহে শিবালয় থানা পুলিশ শনিবার কাউছার আহম্মেদ কনক (২৮) নামে এক শ্রমিক নেতাকে আটক করে কোর্টে পাঠিয়েছেন। আটক কনক বিআইডব্লিউটিএ আরিচা শ্রমিক ইউনিয়ন ও আওয়ামী শ্রমিক লীগ মানিকগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
সূত্র জানায়, অতি সম্প্রতি মানিকগঞ্জ বাসস্ট্যান্ড টারমিনাল দখল করাকে কেন্দ্র করে সরকারদলীয় শ্রমিক লীগের একাংশ পরিবহণ ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘট সফল ও জনমনে ভীতি সৃষ্টির লক্ষে ঐ রাতে আরিচা ঘাটে পেট্রোল পাম্পে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
আগুনে পুড়ে যাওয়া বাস মালিক মিনা রানী সাহা ঘটনার পরের দিন শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন।
নাম প্রকাশ না করার শর্তে আরিচা ঘাটের এক বাস মালিক জানান, আটক কনক সরকারের একটি সংস্থায় কর্মরত অবস্থায় পাটুরিয়া ও আরিচা ঘাটে পরিবহণ থেকে শ্রমিক ইউনিয়নের নামে চাঁদা আদায় করে আসছিল।
ইত্তেফাক/নূহু