চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রবিবার দুপুরে সেখান থেকে তিনি গাড়িবহরসহ এই যাত্রা শুরু করেন।
রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন এবং তাদের মধ্যে ত্রাণ বিতরণের জন্য খালেদা জিয়া কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন। শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন।
যাত্রাপথে গতকাল শনিবার ফেনীর ফতেপুর, মহিপালের লালপুর এবং কুমিল্লার ইলিয়টগঞ্জসহ বিভিন্নস্থানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে থাকা সাংবাদিকের ছয়টিসহ অন্তত: ৩০টি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা।
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু এবং সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদসহ কয়েকজন নেতার গাড়িও ভাঙচুর করা হয়েছে। শনিবার বিকেল ৫টায় বেগম খালেদা জিয়া নিরাপদে ফেনী সার্কিট হাউজে পৌঁছেন। সেখানে বিশ্রাম ও মাগরিব নামাজ আদায়ের পর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করে রাতে পৌঁছান। তার সফরসঙ্গী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন।
আগামীকাল সোমবার কক্সবাজার জেলার উখিয়া, বালুখালী, বোয়ালমারা এবং জামতলী এলাকায় অবস্থিত রোহিঙ্গা আশ্রয় শিবিরগুলোতে অবস্থানরতদের পরিদর্শন ও দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ শেষে ৩১ তারিখে ঢাকার উদ্দেশে রওনা হবেন।
ইত্তেফাক/জামান