চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার বাবলাবোনা এলাকা থেকে তামিম-সারোয়ার গ্রুপের নব্য জেএমবির ৩ সদস্য সদস্যকে আটক করেছে র্যাব। এসময় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ দশমিক ১ কেজি বিস্ফোরকদ্রব্য ও ৩টি জিহাদি বই উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের মো. এনামুল হকের ছেলে মো. জেনারুল ইসলাম ওরফে মঈন (২৫), ধোবড়া গ্রামের মো. জিল্লুর রহমানের মো. রসুল বক্স (৫০) ও একই উপজেলার শিবনগর মোড়লপাড়া গ্রামের মৃত মছুর উদ্দিনের ছেলে মো. ইসলাম (৭০)।
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, বাবলাবোনা এলাকার একটি আম বাগানে আট থেকে ১০ জন জেএমবি সদস্য গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর ৪টার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। অন্যরা পালিয়ে গেলেও নব্য জেএমবির তামিম-সারোয়র গ্রুপের এহসার ও গায়েরে এহসার সদস্য জেনারুল ইসলাম ওরফে মঈন, মো. রসুল বক্স ও মো. ইসলামকে ১টি বিদেশি পিস্তল ,১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি, ১ দশমিক ১ কেজি বিস্ফোরকদ্রব্য ও ৩ টি জিহাদি বইসহ আটক করা হয়।
ইত্তেফাক/জামান