রাজশাহীর মোহনপুর থেকে অপহৃত তিন বছরের শিশু জাকারিয়া হোসেনকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শিবগঞ্জ বাজার থেকে ওই শিশুটিকে উদ্ধার এবং মুক্তিপণ দাবিকারী অপহরণ মামলায় আসামি বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাজশাহীর মোহনপুর উপজেলার মতিহার গ্রামের রোবহান উদ্দিনের ছেলে গত ২৭ অক্টোবর সকালে নিজ বাড়ির আঙিনায় অন্য শিশুদের সাথে খেলছিল। ওই সময় জাকারিয়ার মা রহিমা খাতুন বাড়ির ভিতর রান্নার কাজে ব্যস্ত ছিলেন। রান্না শেষে সকাল আনুমানিক ১০টার দিকে শিশু জাকারিয়াকে খাওয়ানোর জন্য বাড়ির আঙ্গিনায় আর খুঁজে পাননি। পরে খোঁজাখুজির এক পর্যায়ে আশেপাশের লোকজনের কাছে জানতে পারেন, শিশু জাকারিয়াকে তার ননদের ছেলে রিমন আলীর সাথে যেতে দেখেছেন। কিন্তু ওইদিনই রাত ৯টার দিকে জাকারিয়ার পিতার মোবাইলে ফোন করে শিশু জাকারিয়াকে জীবিত ফিরে পেতে চাইলে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবী করে। পরে ওই মোবাইল নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ওই রাতেই মোহনপুর থানায় শিশু জাকারিয়া হোসেনের মা ও বোরহান উদ্দিনের স্ত্রী রহিমা খাতুন একটি অপহরণ ও মুক্তিপণ আদায়ের চেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি রেকর্ডের পর মোহনপুর থানা পুলিশ শনিবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ বাজার এলাকা থেকে শিশু জাকারিয়াকে জীবিত উদ্ধার এবং শিবগঞ্জের বড়চক দৌলতপুর গ্রামের হাবিল উদ্দিন (৩৫) ও তার ছেলে রিমন আলীকে (১২) শিবগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় গ্রেফতার করে।
মোহনপুর থানার ওসি এসএম মাসুদ পারভেজ জানান, আসামি হাবিল উদ্দিন তার ছেলে রিমন আলীকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে। উদ্ধারকৃত শিশুকে আদালতে ২২ ধারায় জবানবন্দী শেষে পিতা-মাতার হেফাজতে দেয়া হয়েছে।
ইত্তেফাক/জামান