গাছের সাথে এ কেমন শত্রুতা ? নওগাঁর মহাদেবপুর উপজেলার জোয়ানপুর গ্রামে ৩০টি রেশমসহ বিভিন্ন জাতের মোট ১৫০টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার জোয়ানপুরগ্রামের একটি রেশম বাগানে এ গাছ কর্তনের ঘটনা ঘটেছে।
বাগানের মালিক ওই গ্রামের মৃত সফিজ উদ্দীনের ছেলে মিরাজুল জানান, একবছর আগে ২ বিঘা জমিতে রেশম বাগান গড়ে তোলেন। এ বাগানে প্রায় ২ হাজার রেশম গাছসহ বিভিন্ন জাতের গাছ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন।
এ ব্যাপারে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শালগ্রাম আইডিলাল অফিসে লিখিত অভিযোগ করেছেন মিরাজুল। এ বিষয়ে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড শালগ্রাম আইডিলাল অফিসে মাঠ কর্মী মঞ্জুর আহম্মেদ বলেন, 'ব্যক্তি চাষ করলেও এ বাগান সম্পূর্ণ সরকারি সম্পত্তি। এ বাগানের গাছ কাটার অভিযোগের ভিত্তিতে বাগান পরিদর্শন করে গাছ কাটার সত্যতা পাওয়া গেছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
ইত্তেফাক/জামান