পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং শ্রেষ্ঠ হাতিয়ার। সন্ত্রাস ও জঙ্গিবাদের মত অপশক্তিকে মোকাবেলায় কমিউনিটির অংশগ্রহণ খুব গুরুত্বপূর্ণ।
রবিবার বিকেলে ‘কমিউনিটি পুলিশিং দিবস-২০১৭’ উপলক্ষে জেলার বাঘা উপজেলা কার্যালয়ে র্যালি পরবর্তী আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ইনামুল হাসানের সভাপতিত্বে, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন রিজা, পৌরসভা মেয়র আক্কাস আলী এবং স্কুল শিক্ষক মুহাম্মদ আলী দেওয়ান অনুষ্ঠানে বক্তব্য রাকেন। শাহরিয়ার আলম এসময় অপরাধমুক্ত সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং এর ওপর জোর দেন।
তিনি এ সময় একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে কমিউনিটি পুলিশিং আন্দোলনকে শক্তিশালী করার জন্য পুলিশসহ আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সক্রিয় কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী বলেন, পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমাজ বিরোধী কার্যক্রম কমিয়ে আনতে পারে। তিনি এ সময় পুলিশ ও নাগরিক সমাজের মধ্যে আস্থা গড়ে তুলে, অংশীদারিত্ব ও তথ্য আদান প্রদানের মাধ্যমে অপরাধের কারণ নির্মূলের ওপর জোর দেন। বাসস
ইত্তেফাক/কেকে