'কূটনৈতিক তৎপরতায় রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে পারবো'

 
খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম বলেছেন, যুদ্ধ নয় কূটনৈতিক তৎপরতার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য কাজ করছেন। এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে দিতে পারবো। এই দৃঢ় প্রত্যয় প্রধানমন্ত্রীর। তাদের জন্য সেভ জোন সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, 'একটি গোষ্ঠী চায় রোহিঙ্গারা ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। ভবিষ্যতে তাদেরকে সন্ত্রাসী কর্মকাণ্ড ও জঙ্গিতৎপরতায় নিয়োজিত করতে চায়। সেই অপচেষ্টায় তারা লিপ্ত।'
 
'বেগম খালেদা জিয়া আদালতে মায়া কান্না করছেন অনুকম্পা পাওয়ার জন্য' উল্লেখ করে তিনি বলেন, 'মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকে ২৪২ ধারায় জবানবন্দী দিতে বলেছে। তিনি আদালতে রাজনৈতিক বক্তব্য দিয়ে নাটকীয়তা সৃষ্টি করছেন। সংসদ নির্বাচন ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে। ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে।'
 
আজ রবিবার গোপালগঞ্জ শিশু একাডেমি মিলনায়তনে 'নিরাপদ খাদ্য আইন ২০১৩' বাস্তবায়নে সচেতনতা শীর্ষক কর্মশালার উদ্বোধন করে খাদ্যমন্ত্রী এ সব কথা বলেন।
 
'দেশের স্বার্থে উন্নয়নে অগ্রযাত্রা অব্যাহত ও গণতন্ত্র রক্ষায় সবাইকে সচেষ্ট থাকতে হবে' উল্লেখ করে তিনি বলেন, অতন্দ্র প্রহরীর মতো সজাগ থাকলে কেউ প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবেনা। প্রতিবন্ধকতা উপেক্ষা করেই উন্নয়নের ধারা আব্যাহত রাখতেই শেখ হাসিনার নেতৃত্বে আবার আওয়ামী লীগ সরকার গঠন করবে।'
 
ওই কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. মাহাবুবুল হক, এফএও প্রতিনিধি একেএম নুরুল আকসার। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যার চৌধূরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান খান উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/জামান