‘খালেদা জিয়া ত্রাণের নামে নাটক করতে কক্সবাজার গেছেন’

 
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোহিঙ্গাদের ত্রাণ বিতরণের নামে নাটক সৃষ্টি করতে কক্সবাজার গেছেন। 
 
রবিবার ‘বাংলাদেশ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান।
 
দিনব্যাপী কর্মশালায় জেলার বিভিন্ন অফিসের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, খাদ্য ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 
 
খাদ্যমন্ত্রী বলেন, সম্প্রতি আদালত সাক্ষ্য প্রমাণ শেষে ২৪২ ধারায় খালেদা জিয়ার জবানবন্দি রেকর্ড করেছেন। আদালতে খালেদা জিয়া তার জবানবন্দি না দিয়ে রাজনৈতিক বক্তৃতা দিয়েছেন। আর এ কাজ করে তিনি আদালতের অনুকম্পা পাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু আদালতের হাত-পা বাঁধা, আদালত কাউকে অনুকম্পা দিতে পারেন না। 
 
তিনি বলেন, আমরা জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছি। আর মানুষের মৌলিক অধিকার নিরাপদ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত আমরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এ জন্য আমরা কাজ করে যাচ্ছি।
 
গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে কর্মশালায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মো. ইকবাল রউফ মামুন প্রমুখ বক্তব্য রাখেন। বাসস
 
ইত্তেফাক/কেকে