মিলারের ঝড়ে বিধ্বস্ত বাংলাদেশ

ডেভিড মিলার। খুনে মেজাজের ব্যাটিংয়ের জন্য তিনি পরিচিত ‘কিলার মিলার’ হিসেবে। সাইফুদ্দিনের করা ১৯তম ওভারে মিলার একাই নিয়েছেন ৩১ রান। এর মধ্যে ছক্কা মেরেছেন টানা পাঁচ বলে! শেষ পর্যন্ত ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে টি-২০ বিশ্ব রেকর্ড গড়ে অপরাজিত ছিলেন মিলার ‘দ্য কিলার’ (৩৬ বলে ১০১*)।
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসে এটাই দ্রুততম সেঞ্চুরি। ৯ ছক্কা ও ৭ বাউন্ডারিতে খুনে ইনিংসটি সাজান তিনি। মিলারের আগে ৫১ বলে ৮৫ রান করে প্রোটিয়াদের বড় সংগ্রহের প্রাথমিক ভিত্তিটা গড়ে দেন হাশিম আমলা।
 
প্রথম পাঁচ ওভারের মধ্যে দক্ষিণ আফ্রিকার দুই উইকেট তুলে নিয়ে দ্বিতীয় টি-২০ ম্যাচে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু ডেভিড মিলার ঝড়ে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশের শেষটা হয়েছে দুঃস্বপ্নের মতো। ১৫ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ১৩৪/৪। শেষ ৫ ওভারে প্রোটিয়ারা রান তুলেছে ‘সুপারসনিক’ গতিতে—৩০ বলে এসেছে ৯০ রান! সব মিলিয়ে ৪ উইকেটে ২২৪ রান তুলে জয়ের প্রাথমিক কাজটা ব্যাটিংয়েই সেরে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
 
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে ছিলেন তাসকিন ও সাইফুদ্দিন। ৩ ওভারে ৪১ রান দিয়েছেন তাসকিন। সাইফুদ্দিন ২ উইকেট নিলেও ৪ ওভারে ৫৩ রান দেন।
 
ইত্তেফাক/রেজা