ইয়েমেনকে ২০ কোটি মার্কিন ডলার সহায়তা দিবে সৌদি ও আমিরাত

এএফপি

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনকে ২০ কোটি মার্কিন ডলার সহায়তার প্রস্তাব দিয়েছে। এই দেশ দুটির সামরিক জোট ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে।

রিয়াদ ও আবুধাবি একসঙ্গে পবিত্র রমজান মাসে এই সহায়তার কথা ঘোষণা করেছে। নভেম্বর মাসে ইয়েমেনে ক্ষুধা ও রোগ মোকাবিলায় মিত্রদেশ দুটি ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তার যে প্যাকেজের কথা জানিয়েছিল, এটি তারই অংশ। উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, এই সহায়তা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে দেওয়া হবে। কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার এক বিবৃতিতে জানায়, ‘সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে অপুষ্টি, দুর্ভিক্ষ ও রোগ মোকাবিলায় কৌশলগত অংশীদার বিশেষত ডব্লিউএফপি, ইউনিসেফ, ডব্লিউএইচও এর সঙ্গে একটি জরুরি কর্মসূচি বাস্তবায়নে আগ্রহী।’

২০১৫ সালে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। হুতিরা দেশটির প্রেসিডেন্ট আব্দেরাব্বে মানসুর হাদিকে উচ্ছেদ করে রাজধানী সানা দখল করে নেয়। ইয়েমেনে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিয়েছে উল্লেখ করে দেশটির জন্য ১৮শ’ কোটি মার্কিন ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ। চার বছর ধরে চলা এই যুদ্ধে ইয়েমেনে মানবিক বিপর্যয়ের কারণে সৌদি নেতৃত্বাধীন জোট বিশ্ব সমপ্রদায়ের চাপের মুখে রয়েছে। ইয়েমেন সরকার সমর্থিত সামরিক জোট ও হুতি বিদ্রোহী উভয়ের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে।