অস্ট্রেলিয়ার স্লেজিং-এর জবাব দিতে প্রস্তত ইংল্যান্ড : রুট

আসন্ন অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার স্লেজিং-এর জবাব দিতে তার দল প্রস্তুত বলে জানালেন ইংল্যান্ড অধিনায়ক অধিনায়ক জো রুট। অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে এমনটাই বললেন রুট, ‘অ্যাশেজ খেলার জন্য মানসিকভাবে তৈরি আমরা। অস্ট্রেলিয়ার স্লেজিং যুদ্ধের জবাব দিতেও প্রস্তুত আমি।’
 
ব্রিসবেনে আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ সিরিজ। আসন্ন অ্যাশেজকে সামনে রেখেই ইতোমধ্যে অস্ট্রেলিয়ায় উদ্দেশ্যে দেশ ছেড়েছে ইংল্যান্ড। তবে ইংল্যান্ডের সঙ্গী হয়ে আছে স্টোকস ইস্যু। 
 
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন একটি নাইট ক্লাবের পাশে মারামারির ঘটনায় ইংল্যান্ড দল থেকে সাময়িকভাবে বরখাস্ত আছেন স্টোকস। তাই অ্যাশেজ সিরিজের জন্য বিবেচিত হননি তিনি। তবে স্টোকসের না খেলার ব্যাপারে এখন নিশ্চিতভাবে কিছু বলেনি ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
 
দেশ ছাড়ার আগে স্টোকস নিয়ে কথা বলেছেন রুটও। স্টোকসকে বাদ রেখেই নিজেদের পরিকল্পনা সাজানো এবং যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য দল প্রস্তুত বলে জানান তিনি, ‘সম্ভবত তারা স্টোকসকে নিয়েই বেশি স্লেজ করবে। কিন্তু এটি অ্যাশেজ, এখানে সবসময়ই চাপ বেশি থাকে। তবে কিছুক্ষণ খেললে আপনি বুঝতে পারবেন পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি মাঠের ও মাঠের বাইরে চাপ থাকবেই।’
 
ইত্তেফাক/রেজা