নলছিটি উপজেলার পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কক্ষের অভাবে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগের শেষ থাকে না।
জানা যায়, ১৯৯৪ সালে পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ওই সময় স্থানীয় লোকজনের সাহায্য, সহযোগিতায় কাঠ ও টিন দ্বারা ৬টি কক্ষ তৈরি করা হয়। ওই কক্ষের ৫টিতে শ্রেণি কক্ষ এবং একটিতে অফিস কক্ষ। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি জমে স্কুল মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়। একটু পানি বৃদ্ধি পেলেই শ্রেণি কক্ষে ঢুকে পড়ে। গত ২১ অক্টোবর টানা ৩ দিনের বর্ষণে স্কুলের শ্রেণি কক্ষ পানিতে তলিয়ে যায়। যার কারণে তাত্ক্ষণিকভাবে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছিল। এভাবে বর্ষা মৌসুমে বেশি বৃষ্টি হলেই স্কুল বন্ধ রাখতে হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও অভিভাবকরা স্কুলের একাডেমি ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়ে আসছিল।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহ জাহান মল্লিক জানান, তার বিদ্যালয়ে ৩০৩ জন শিক্ষার্থী রয়েছে। তাদের শ্রেণিকক্ষে বসে লেখাপড়ার পরিবেশ নেই। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি, শুকনো মৌসুমে প্রচণ্ড তাপ। ফলে শ্রেণিকক্ষে বসে লেখাপড়ার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ারুল আজিম জানান, উপজেলার অধিকাংশ স্কুল, কলেজে ভবন সংকট রয়েছে। তবে পঞ্চগ্রাম স্কুলে জরুরিভিত্তিতে একাডেমি ভবন প্রয়োজন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম জুপিটার জানান, ‘পঞ্চগ্রাম আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সরেজমিন পরিদর্শন করেছি। বর্ষার পানিতে ছাত্র-ছাত্রীদের লেখাপড়া বিঘ্নিত হচ্ছে। বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করব।’
ইত্তেফাক/নূহু